
চট্টগ্রাম মহানগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের জেলেপাড়ায় ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
১৭ নম্বর পশ্চিম বাকলিয়া বিএনপির ব্যবস্থাপনায় আয়োজিত এ মানবিক সহায়তা কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। মানুষের দুঃসময়ে পাশে থাকাই প্রকৃত জনসেবার পরিচয়। কোনো অসহায় পরিবার যেন খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যেই আমরা ধারাবাহিকভাবে নগরীর বিভিন্ন এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছি। মানবিক সহায়তার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “দুর্যোগ মোকাবিলায় সরকার, রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবার সহযোগিতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব।”
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আলহাজ নাসির উদ্দিন ও আবদুর রহিম, পশ্চিম বাকলিয়া বিএনপির আহ্বায়ক মো. ইমরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বিএনপি নেতা খোরশেদ আলম, শেখ আলাউদ্দিন, ফরিদুর হক লিটন এবং যুবদল নেতা সাদ্দাম, সেলিম, সাজু ও লেদুসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে এ ধরনের ত্রাণ সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।