
কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিংকালে সাগরে ছিটকে পড়ে খুলনা থেকে আসা শৌভিক রয় নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় ফরিদ নামের এক ব্যক্তির মালিকানাধীন প্যারাসেইলিংয়ে এমন দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সৈকতে কক্সবাজার জেলা প্রশাসনের বীচকর্মী মাহবুব আলম।
তিনি জানান, খুলনা থেকে আসা ৯ জনের একটি দল কক্সবাজার ভ্রমণে এসে কলাতলীর ওশান ভিউ প্যারাডাইস নামের একটি হোটেলে উঠেছিলেন। শনিবার দুপুরে দরিয়ানগরে প্যারাসেইলিং করতে গিয়ে রশি ছিঁড়ে সাগরের পানিতে ছিটকে পড়েন এই পর্যটক। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ হাসপাতালে রয়েছে। নিহতের সঙ্গে আসা বন্ধু এবং প্রশাসনের সংশ্লিষ্টরা কেউ কথা বলছেন না।
মূলত ফরিদ আহমদ নামের এক ব্যক্তির মালিকানাধীন দরিয়ানগরের এই প্যারাসেইলিং। যেখানে গত দুই বছরে অন্তত ১০ পর্যটক নানাভাবে আহত হন। অভিযোগ রয়েছে, যারা প্যারাসেইলিং পরিচালনা করছেন তাদের মধ্যে অনেকেই অদক্ষ। এছাড়া তারা প্রশাসনের নির্দেশনা ও শর্তও মানছেন না।
এর প্রেক্ষিতে ২০২৪ সালের জানুয়ারিতে প্যারাসেইলিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন কয়েকজন পর্যটক। ফলে নিরাপত্তা ঝুঁকি নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
এর জের ধরে প্যারাসেইলিং পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয় প্রশাসন। কিন্তু রহস্যজনক কারণে এক মাস পর আবারও তা চালু করা হয়। গত এপ্রিল মাসেও একই প্যারাসেইলিংয়ে এক পর্যটক আহত হন।