ঢাকা রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

টেকনাফ সড়কে বাসে ডাকাতি, বিকাশের ৬০ লাখ টাকা লুট, গুলিবিদ্ধ ১

টেকনাফ সড়কে বাসে ডাকাতি, বিকাশের ৬০ লাখ টাকা লুট, গুলিবিদ্ধ ১

কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় পাহাড় থেকে নেমে আসা মুখোশধারী একদল ডাকাত সড়কে পেরেক লাগানো গাছ ফেলে যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এ সময় ডাকাত দলের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। ডাকাতরা ডাকাতির শিকার বিকাশের কর্মীদের কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

রোববার (২ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম মো. আরমান (২৪)। এছাড়া আহত হয়েছেন সাকিব (২১) ও একরাম (২২)। তাঁদের সবার বাড়ি টেকনাফ পৌরসভা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পালকি পরিবহনের একটি বাস টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পথে ১৪ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে ডাকাতদল অস্ত্রের মুখে বাসটির গতিরোধ করে। ওই বাসে বিকাশ কোম্পানির তিনজন বিক্রয় প্রতিনিধি (এসআর) হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের এজেন্টদের কাছে টাকা নিয়ে যাচ্ছিলেন।

তাঁরা জানান, টেকনাফের সীমান্ত ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন।

স্থানীয়দের দাবি, ওই সময় রোহিঙ্গা ও স্থানীয় দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধ হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।

স্থানীয়দের মতে, দ্রুত যৌথ অভিযান পরিচালনা করলে ডাকাতদের আটক এবং লুট হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হবে।

এদিকে, দিনদুপুরে মহাসড়কে এমন ডাকাতির ঘটনায় জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলে বিজিবি, কোস্ট গার্ড ও পুলিশের সদস্যরা অবস্থান করছেন।

দ্রুত যৌথ অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

গুলিবিদ্ধ ১,লুট,৬০ লাখ টাকা,বিকাশ,বাসে ডাকাতি,টেকনাফ সড়ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত