ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কক্সবাজার প্রেসক্লাবে জুলাই শহীদদের স্মরণে খতমে কুরআন ও দোয়া মাহফিল

কক্সবাজার প্রেসক্লাবে জুলাই শহীদদের স্মরণে খতমে কুরআন ও দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাবে শহীদদের স্মরণে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির ৫ম দিনে (৪ আগস্ট) বিকেলে জুলাই শহীদদের স্মরণে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এরপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।

তিনি বলেন, মাফিয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশকে দীর্ঘদিন জিম্মি করে রেখেছিল। মানুষের জানমালের নিরাপত্তা ছিল না। তাদের কারণে পুরো দেশ অস্তিত্ব সংকটে পড়েছিল। চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত রক্তের বিনিময়ে এই বাংলাদেশ মুক্তি পেয়েছে।

তিনি আরও বলেন, বিগত সময়ে সাংবাদিকদের কলম বন্ধ ছিল। রাষ্ট্রীয় প্রতিবন্ধকতার কারণে সঠিক সংবাদ প্রকাশ হয়নি। সাংবাদিকদের কারণে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল আওয়ামী লীগ। গণঅভ্যুত্থান-পরবর্তী দেশে মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠিত হয়েছে।

সমাজের মানুষের আবেগ, অনুভূতি এবং বাস্তবতার কথা জাতির কাছে তুলে ধরার আহ্বান জানান এটিএম নুরুল বশর চৌধুরী।

তিনি বলেন, ছাত্র-জনতা রক্ত না দিলে বিদেশি প্রভুত্ব ও দাসত্ব থেকে মুক্তি পেত না বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন দিগন্তে এগিয়ে যাচ্ছে।

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির আহ্বায়ক মমতাজ উদ্দিন বাহারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা এনসিপির আহ্বায়ক প্রফেসর আখতারুল আলম এবং কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এসএম আমিনুল হক চৌধুরী। আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাব ও কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য হুমায়ুন সিকদার।

প্রেসক্লাবের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির সদস্য সচিব হাসানুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, প্রেসক্লাবের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এম আর মাহবুব, প্রেসক্লাবের সদস্য ইমাম খাইর এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম।

চব্বিশের জুলাইযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন শাহিদুল ওয়াহেদ শাহেদ, মুহাম্মদ খালিদ বিন সাঈদ, সাহাব উদ্দিন, আবদুল মোমেন খান, আরিয়ান খান ফারাবি, সাঈদ স্বাধীন ও ফাহমিদা হাসান হেবা।

আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত গ্রাফিতি আঁকা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন। ৫ আগস্ট ৬ষ্ঠ দিনে সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ ও জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করবেন তারা।

প্রত্যেক দিনের কর্মসূচি ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে।

দোয়া মাহফিল,খতমে কুরআন,জুলাই শহীদদের স্মরণ,কক্সবাজার প্রেসক্লাব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত