ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সহযোগী গুলিবিদ্ধ

নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সহযোগী গুলিবিদ্ধ

নোয়াখালীর চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ও চৌমুহনী জাতীয় হকার্স মার্কেটের সভাপতি হাজী আবুল কাশেমকে (৬৫) লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তার ঘনিষ্ঠ সহযোগী ইয়াছিন সেন্টু (৪৮) বুকে গুলিবিদ্ধ হয়েছেন।

এ ঘটনায় আবুল কাশেমের হাতেও গুলির আঁচড় লাগে। গুলিবিদ্ধ সেন্টুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের মূল গলির ওবায়দুলের চা দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা হাজী আবুল কাশেম রাজনীতির পাশাপাশি চৌমুহনী বাজারের নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে তিনি চৌমুহনী বাজারে জাতীয় হকার্স মার্কেটের কার্যালয়ে অবস্থান করছিলেন। পরে রাত পৌনে ১২টার দিকে সহযোগী ইয়াছিন সেন্টুকে সঙ্গে নিয়ে অফিস থেকে বের হন।

একপর্যায়ে তারা দুজন হেঁটে হকার্স মার্কেটের মূল গলির ওবায়দুলের চা দোকানের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সেন্টু তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আবুল কাশেমের হাতে গুলির আঁচড় লাগে এবং সেন্টুর বুকের বাম পাশে গুলি বিদ্ধ হয়।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা সেন্টুকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আনম ইমরান খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিএনপি নেতা আবুল কাশেমকে লক্ষ্য করেই গুলি ছোড়া হয়েছিল। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে তার সহযোগীর বুকে গুলি লাগে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

সহযোগী গুলিবিদ্ধ,গুলি,বিএনপি নেতা,নোয়াখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত