ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বেনাপোলে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার

বেনাপোলে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাত ১০টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেনের দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। বেনাপোল পোর্ট থানার এসআই সুজাতউদ্দৌলাহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযানে নেতৃত্ব দেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের আভিযানিক দলটি বেনাপোল-যশোর মহাসড়কের দক্ষিণ পাশে দিঘীরপাড় গ্রামস্থ মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের কাছে জনৈক কবির হোসেনের হার্ডওয়্যারের দোকানের সামনে অবস্থান নেয়। সেখান থেকেই সন্দেহভাজন হিসেবে মফিজুর রহমানকে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানিয়েছেন, তার বিরুদ্ধে ইতিপূর্বে ৩টি মাদক ও ১টি সিআরসহ ৪টি মামলা রয়েছে।

যুবক গ্রেপ্তার,ম্যাগাজিন ও গুলি,বিদেশি পিস্তল,বেনাপোল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত