
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় দখলকৃত সরকারি খাল পুনঃরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজ শেষে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন খোরশেদ আলম ভুট্টো, মিজানুর রহমান মিজান, হুমায়ুন কবির সুমন, মারুফ খান রাসেল, জহির আহমেদ, রাজনসহ অনেকেই।
বক্তব্যে তারা বলেন, সম্প্রতি পৌরসভায় অবস্থিত খালগুলো ভূমিদস্যুরা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে রেখেছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব খাল দখলমুক্ত করার হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে সরকারি খালগুলো পুনঃরুদ্ধার করতে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা।
মানববন্ধন শেষে হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।