
নোয়াখালীর বেগমগঞ্জে ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে রাজগঞ্জ ও জিরতলী ইউনিয়নে পৃথক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকত উল্যাহ বুলু এমপি।
ফাইনাল খেলায় টাইব্রেকারে ৩-২ গোলে কবিরহাট একাদশকে পরাজিত করে রামগঞ্জ একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন হাজারো ক্রীড়ামোদী দর্শক ও খেলোয়াড়।
প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্যাহ বুলু বলেন, মাদক, সন্ত্রাস, মব, ইয়াবা ও কিশোর গ্যাং প্রতিরোধে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার সময় নারীদের খেলাধুলায় উৎসাহিত করতে নারীদের ভলিবল খেলা চালু করা হয়।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন, প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছরে দেশের উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এর আগে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন-বাংলা বাজার সড়কে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৭ কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন বরকত উল্যাহ বুলু এমপি। তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া প্রমাণ করেছেন, জীবন দিয়েছেন, কিন্তু কোনো অন্যায়ের কাছে নতিস্বীকার করেননি। তারেক রহমান তাদের সন্তান।
তারেক রহমান জীবন দিলেও বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কাজ করবেন না—বুলু এমপি।
এ সময় তিনি বলেন, আগামী পাঁচ বছরে বেগমগঞ্জে এক হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়ক নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়ে তিনি বলেন, কাজের মান বা বাস্তবায়ন নিয়ে কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট ঠিকাদার অথবা এলজিইডি কর্মকর্তাদের জানাতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার বা লাইভের কারণে প্রকল্পের অর্থায়ন বাধাগ্রস্ত হলে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলেও তিনি মন্তব্য করেন।
বুলু বলেন, তারেক রহমান দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করবেন না। তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে মব সৃষ্টি না করার অনুরোধ করেন।
স্থানীয়দের দাবি, সড়কটির কাজ ২০১৯ সালে শুরু হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা দীর্ঘদিন বিলম্বিত হয়েছে। ফলে কয়েক বছর ধরে ভাঙাচোরা সড়ক দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে এলাকাবাসীকে।
এদিকে সকালে বেগমগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে র্যালি, মাছ চাষিদের সঙ্গে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বরকত উল্যাহ বুলু এমপি।
সেখানে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে দেশে মাছ রপ্তানির কার্যক্রম শুরু হয়। বর্তমানে বাংলাদেশ থেকে বছরে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকার মাছ রপ্তানি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মাছ আমাদের আমিষের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে। জিয়াউর রহমান প্রথম আশির দশকে চিংড়ি চাষের মাধ্যমে মাছ চাষ শুরু করেন। এখন মাছ চাষ ও রপ্তানির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি বলেন।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ পদ, উপজেলা ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল মুনসুর আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার, শিক্ষা কর্মকর্তা আজহিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা, বন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় ঠিকাদার ইসমাইল মিয়া, স্কুল কমিটির সভাপতি সাহাব উদ্দিন, খেলা পরিচালনা কমিটির সভাপতি ইউছুফ মোল্লা, সম্পাদক ইয়াছিন বাবলু, নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্যসচিব মাহফুজুল হক আবেদ, নাজমুল গনি মান্না, আহসান উল্যাহ, দুলাল সওদাগর, ওমর ফারুক কোম্পানির, হারুন রশীদ পাঞ্জাবী, জিয়াউর রহমান সুমন, যুবনেতা তীবরিজ স্বপন, রুস্তম আলী, মহিন, নজরুল, রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এসব কর্মসূচিতে রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মৎস্যচাষি, ক্রীড়া সংগঠক ও স্থানীয় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।