ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

‘বাধা উপেক্ষা করেই রংপুরে লংমার্চ অগ্রসর হবে’

‘বাধা উপেক্ষা করেই রংপুরে লংমার্চ অগ্রসর হবে’

ঢাকা থেকে রংপুরের লংমার্চে কোনো বাধা সৃষ্টি করা হলে তা উপেক্ষা করেই রংপুরের দিকে অগ্রসর হওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের শাপলা চত্বরস্থ দলীয় কার্যালয়ে ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, ঢাকা থেকে রংপুরের লংমার্চে কোনো বাধা সৃষ্টি হলে আমরা তা মানবো না। সেই বাধা উপেক্ষা করেই রংপুরের দিকে অগ্রসর হব।

বিরোধীদলীয় জোটকে আন্দোলনে যেতে সরকারই বাধ্য করেছে বলে মন্তব্য করে তিনি বলেন, তারা কখনোই আন্দোলন করতে চাননি; সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চেয়েছিলেন। কিন্তু সরকার এ বিষয়ে কোনো আগ্রহ দেখায়নি।

তিনি বলেন, জনগণের দাবি-দাওয়া মেনে না নেওয়ার কারণে ৯ দফা দাবিতে ১১ দলীয় জোট লংমার্চ শুরু করেছে। ইতোমধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চে জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে। এতকিছুর পরও সরকার দাবিগুলো নিয়ে আলোচনার দিকে এগোচ্ছে না।

জুলাইয়ের গণভোটের রায় বাস্তবায়নের প্রসঙ্গে এ টি এম আজহারুল ইসলাম বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোট করা হয়েছিল। এমপি নির্বাচিত হওয়ার পর তারা সবাই গণভোটের রায় বাস্তবায়নের শর্তে শপথ নিয়েছিলেন। কিন্তু সরকারি দলের এমপিরা সেই রায় উপেক্ষা করে নিজেদের মতো করে দেশ পরিচালনার পথ বেছে নিয়েছেন বলে তিনি অভিযোগ করেন। সরকার জুলাই গণহত্যার বিচারের কথা বললেও বাস্তবে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত বলেও মন্তব্য করেন তিনি।

বিদ্যুৎ, গ্যাস, সার সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে তিনি বলেন, সারাদেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। কৃষকরা সার না পেয়ে বিক্ষোভ করছেন। অথচ সরকার সিন্ডিকেটের পকেট ভারী করতে ব্যস্ত। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চাঁদাবাজি রোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হলেও সরকার তা আমলে নেয়নি বলে দাবি করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দলীয়করণের বিষয়ে এ টি এম আজহার বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। বর্তমান সরকারও যদি দলীয়করণ শুরু করে, তাহলে ছাত্র-জনতা তাদেরও একই পরিণতি বরণ করাবে বলে মন্তব্য করেন তিনি।

এ ছাড়া উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন থেকে সরকার কেন পিছু হটছে, তা নিয়েও জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের ৯ নম্বর দাবি প্রসঙ্গে এ টি এম আজহারুল ইসলাম বলেন, সম্পত্তি হস্তান্তর আইনে কোরআন-সুন্নাহবিরোধী নানা বিষয় থাকায় এ দেশের মানুষ তা মেনে নেবে না। এটি সংশোধনের জন্য বারবার আহ্বান জানানো হলেও সরকার ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে তড়িঘড়ি করে তা বাস্তবায়ন করেছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, সংবিধান জনগণের জন্য এবং জনগণের রায়ই চূড়ান্ত।

সংবাদ সম্মেলনে মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও উত্তরাঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, জেলা এনসিপির আহ্বায়ক আল মামুনসহ ১১ দলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

অগ্রসর হবে,লংমার্চ,রংপুর,বাধা উপেক্ষা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত