
রংপুরকে নিরাপদ রাখতে এবং অপরাধ, দুর্ঘটনা ও জননিরাপত্তা-সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দিতে ‘সেভ রংপুর’ অ্যাপসের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অ্যাপসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‘সেভ রংপুর’-এর প্রতিষ্ঠাতা ও চিফ কো-অর্ডিনেটর আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুকুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের পরিদর্শক এসএম এলকফ উদ্দিন, রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সভাপতি সালেকুজ্জামান সালেক, জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসীমুল বারী রাজ, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পার্থ বোসসহ অনেকে।
অনুষ্ঠানে জানানো হয়, নিজেকে নিরাপদ রাখার পাশাপাশি রংপুরকে নিরাপদ রাখার দায়িত্ব সবার। এ লক্ষ্যেই চালু করা হয়েছে ‘সেভ রংপুর’ অ্যাপস। এর মাধ্যমে এলাকার অপরাধ, দুর্ঘটনা বা জননিরাপত্তা-সংক্রান্ত সঠিক তথ্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো যাবে।
অ্যাপসের মাধ্যমে তথ্য দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। তবে তথ্য দেওয়ার ক্ষেত্রে সঠিক ও নির্ভুল তথ্য সরবরাহের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যবহারকারী অ্যাপসে প্রবেশ করে ঘটনার বিবরণ এবং এলাকার নাম সঠিকভাবে উল্লেখ করে তথ্য দিতে পারবেন। পরে তথ্যটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে এবং যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে জরুরি কোনো সমস্যা হলে ওয়েব রিপোর্টের জন্য অপেক্ষা না করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রংপুরের নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ‘সেভ রংপুর’ প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচয় গোপন রেখে অপরাধ ও জননিরাপত্তা-সংক্রান্ত তথ্য দেওয়ার সুযোগ থাকার বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে।