
সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আনোয়ার হোসেনকে ওএসডি করা হয়েছে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নিয়ে হাসপাতালপাড়ায় ইতোমধ্যে নানা সমালোচনাও উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডা. আনোয়ার হোসেনকে দুর্নীতির অভিযোগে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে। প্রজ্ঞাপনের স্মারক নম্বর- ৪৫,০০,০০০০,১৪৮,০১৯,২৫,২৬-১০০০ এবং তারিখ- ২৯/০৯/২০২৬ ইং।
অর্থাৎ, তিনি ওই অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্ধারিত সময়ে যোগদান না করলে তাকে স্ট্যান্ড রিলিজ করার কথাও প্রজ্ঞাপনে বলা হয়েছে। একই সঙ্গে তার স্থলাভিষিক্ত হিসেবে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদিরকে চলতি দায়িত্বে পদায়ন করা হয়েছে।
তবে এ বিষয়ে ডা. আনোয়ার হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে, সহকারী পরিচালক ডা. আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে রোগীদের খাবার ও পথ্য সরবরাহ, মেডিকেল সার্জিক্যাল রিকুইজিশন (এমএসআর) কেনাকাটা থেকে শুরু করে আউটসোর্সিং কর্মী নিয়োগসহ বিভিন্ন খাতে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়ম।
এ ঘটনায় ডা. আনোয়ার হোসেনকে ওএসডি করার বিষয়টি সোমবার বিকেলে প্রকাশ্যে আসে। এ বিষয়ে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক এ টি এম নুরুজ্জামান তথ্যটি স্বীকার করেছেন।