ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

হৃদযন্ত্রে দুটি ছিদ্র, মনিরার চিকিৎসায় সহায়তা চায় পরিবার

হৃদযন্ত্রে দুটি ছিদ্র, মনিরার চিকিৎসায় সহায়তা চায় পরিবার

নেত্রকোনার দুর্গাপুরে হৃদযন্ত্রে দুটি ছিদ্র নিয়ে অসুস্থ অবস্থায় দিন কাটছে ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রী মনিরার। অসুস্থতার কারণে সমবয়সী অন্য শিশুদের মতো খেলাধুলা করতে পারছে না সে। নিয়মিত মাদ্রাসায় যাওয়া ও পড়াশোনাও ব্যাহত হচ্ছে। মেয়ের চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন তার বাবা-মা। এ অবস্থায় চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছেন তারা।

মনিরা উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দউষান গ্রামের আফজাল হোসেন ও খালেদা আক্তারের তৃতীয় সন্তান। সে চন্দননগর জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করছে।

পরিবারের ভাষ্য, মনিরার হৃদযন্ত্রে দুটি ছিদ্র রয়েছে। অসুস্থতার কারণে তার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। সমবয়সী অন্য শিশুরা যখন খেলাধুলায় ব্যস্ত, তখন শারীরিক অসুস্থতার কারণে মনিরাকে অনেকটাই ঘরে থাকতে হয়। এ কারণে নিয়মিত মাদ্রাসায় যাওয়াও সম্ভব হয় না তার।

মনিরার বাবা আফজাল হোসেন ও মা খালেদা আক্তার জানান, নিজেদের সামর্থ্য অনুযায়ী মেয়ের চিকিৎসা চালিয়ে এলেও বর্তমানে তারা আর্থিক সংকটে পড়েছেন। প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

মেয়েকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের সামর্থ্যবানদের সহযোগিতা কামনা করেছেন তারা। একই সঙ্গে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কাছে চিকিৎসা সহায়তার আবেদন জানিয়েছেন মনিরার বাবা-মা।

পরিবারের আশা, প্রয়োজনীয় সহযোগিতা পেলে মনিরার চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হবে এবং সে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

সহায়তা চায় পরিবার,চিকিৎসায় সহায়তা,মনিরার চিকিৎসা,হৃদযন্ত্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত