
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের অডিট চলাকালে ম্যানেজার আব্দুস সালাম (৫০) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলা সদরের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে ওই ব্যাংকে অডিট কার্যক্রম চলছিল। কার্যক্রম শুরুর পর থেকেই তিনি মানসিক চাপে ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় অডিট চলাকালে আব্দুস সালামকে অতিরিক্ত ঘামতে দেখা যায়। এ অবস্থা দেখে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না।’ একই সঙ্গে কিছুক্ষণ আগে গ্যাস ট্যাবলেট খাওয়ার কথাও স্বীকার করেন তিনি।
পরে দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর অডিট কমিটির তিন সদস্যকে বিক্ষুব্ধ স্থানীয় জনতা ও মাঠকর্মীরা অবরুদ্ধ করে রাখেন। পরে গভীর রাতে পুলিশ অডিট কমিটির ওই তিন সদস্যকে থানা হেফাজতে নেয়। এ সময় সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান ‘আলোকিত বাংলাদেশ’কে বলেন, ঘটনা জানার পর ওইদিন গভীর রাতে অডিট কমিটির প্রধান জুলফিকারসহ তিনজনকে থানা হেফাজতে আনা হয়েছে।
তবে আব্দুস সালামের মৃত্যুর সঙ্গে অডিট কমিটির সম্পৃক্ততা আছে কি না, সে বিষয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি।