
পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান (৪০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (২৬ অক্টোবর) সকালে দাশুড়িয়া-কুষ্টিয়া সড়কের রূপপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুর রহমান উপজেলার চক আল্লাদি গ্রামের মোবারক হোসেনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের নাসিম উদ্দিন (৪২) এবং আটঘরিয়া উপজেলার নুরুজ্জামানের ছেলে সেলিম (৪২)।
পরিবার সূত্রে জানা যায়, আতিকুর রহমানসহ তিনজন একটি ইঞ্জিনচালিত ভুটভুটিতে করে মুলাডুলি মৎস্য আড়ত থেকে মাছ নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে রূপপুর মোড়ে একটি ট্রাক তাদের বহনকারী ভুটভুটিটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন।
পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।