
রংপুরের বদরগঞ্জ উপজেলায় চোর সন্দেহে মকবুল হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার দলুয়া গ্রামে একটি মুরগির খামারের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোরে দলুয়া গ্রামের একটি মুরগির খামারের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মকবুল হোসেন। এ সময় খামারের ব্যবস্থাপক ও কর্মচারীরা তাঁকে চোর সন্দেহে আটক করেন। পরে তাঁকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে বদরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মকবুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত মকবুল হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলিপাড়া মৌলভীডাঙ্গা গ্রামের সবুজ শেখের ছেলে।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় এবং তাঁদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।