ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন

রংপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”— এ স্লোগানকে সামনে রেখে রংপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে নগরীর খামার এলাকায় অবস্থিত সদর প্রাণিসম্পদ দপ্তরে এ মেলার উদ্বোধন করা হয়।

আয়োজিত কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদর প্রাণিসম্পদ দপ্তর থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দপ্তরে এসে শেষ হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। এরপর মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ (বিপিএম সেবা), অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন, রংপুর বিভাগীয় ফার্মাস অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, রংপুর চিড়িয়াখানার কিউরেটর চিকিৎসক ওমর ফারুক এবং রংপুর হাঁস-মুরগি খামারের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতে স্বাগত বক্তব্য দেন রংপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হুদা।

বক্তারা বলেন, দুধের প্রতি সবার গুরুত্ব দেওয়া উচিত। দুধ পান করলে মানুষের শরীর ও মনে প্রশান্তি আসে। সামান্য দাম বাড়লেই মানুষ দুধ থেকে মুখ ফিরিয়ে নেয়, যা করা উচিত নয়। কারণ, বর্তমানে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেশি। তাই সব দিক বিবেচনায় নিয়ে চলতে হবে।

খামারিদের উদ্দেশে বক্তারা বলেন, ব্যবসায় লাভ-লোকসান থাকবেই। তাই কোনো কারণে একবার লোকসান হলে মন খারাপ করে ব্যবসা বন্ধ করা যাবে না। বরং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ব্যবসা গড়ে তুলতে হবে। চেষ্টা করলে সব ক্ষেত্রেই লাভের সম্ভাবনা তৈরি করা সম্ভব।

উল্লেখ্য, এবারের সপ্তাহব্যাপী এ মেলায় ৩০টি স্টল স্থান পেয়েছে।

উদ্বোধন,প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬,জাতীয়,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত