ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

পীরগঞ্জে ভাড়াটিয়াকে জমি ছাড়তে বলায় স্কুলশিক্ষিকা ও মেয়ে প্রহৃত

পীরগঞ্জে ভাড়াটিয়াকে জমি ছাড়তে বলায় স্কুলশিক্ষিকা ও মেয়ে প্রহৃত

রংপুরের পীরগঞ্জে ভাড়াটিয়াকে জমি ও বাসা ছেড়ে দিতে বলায় জমির মালিক স্কুলশিক্ষিকা রোকসানা বেগম ও তার মেয়ে হামলার শিকার হয়েছেন। গত ২৩ নভেম্বর (সোমবার) সন্ধ্যার পর উপজেলার ভেন্ডাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা গেছে, উপজেলার ভেন্ডাবাড়ী গ্রামের মৃত মতিউল ইসলামের মেয়ে স্কুলশিক্ষিকা রোকসানা বেগম ২০২২ ও ২০২৩ সালে ৭৮২৯ ও ১০৮০৪ নম্বর পৃথক দুটি দলিলমূলে একই গ্রামের মৃত শাহজাহান সরকারের ছেলে তারিকুল সরকারের কাছ থেকে বাড়িসহ ৩৫৫০ শতাংশ জমি ক্রয় করেন। যার জেলা- রংপুর, থানা- পীরগঞ্জ, মৌজা- ভেন্ডাবাড়ী, জে.এল. নম্বর- ৬৬, সি.এস. খতিয়ান নম্বর- ৮৪, এস.এ. খতিয়ান নম্বর- ১৮৩, সাবেক দাগ নম্বর- ২২৫, আর.এস. দাগ নম্বর- ৮৪৮, আর.এস. খতিয়ান নম্বর- ৪০০ এবং ০.৭১ একর জমির মধ্যে ০.৩৫৫০ একর।

পরে জমি বিক্রেতা তারিকুল বাড়িটিতে বসবাস করার উদ্দেশ্যে জমির ক্রেতা রোকসানাকে মাসিক ১২ হাজার টাকা ভাড়া দেওয়ার লিখিত অঙ্গীকারে চলতি বছরের ২২ নভেম্বর পর্যন্ত বাড়িটিতে বসবাসের সুযোগ পান। কিন্তু তারিকুল সরকার চলতি বছরের ১ জানুয়ারি ২০২৬ থেকে জমির মালিককে ভাড়া দেওয়া বন্ধ করে দেন।

এ ব্যাপারে রোকসানা আইনজীবীর মাধ্যমে গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১ নম্বর বিবাদী বরাবর লিগ্যাল নোটিশ পাঠান। এরপরও তারিকুল বাড়ি ছাড়তে অস্বীকৃতি জানালে রোকসানা বেগম পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে গত ৯ অক্টোবর ২০২৬ তারিখে ভাড়াটিয়া তারিকুল ও জমির মালিক রোকসানার মধ্যে একটি আপসনামা সম্পাদিত হয়। আপসনামার শর্ত অনুযায়ী, ২৩ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে জমির মালিককে বাড়ি ছেড়ে দেওয়ার কথা ছিল।

এদিকে, গত ২৩ নভেম্বর সন্ধ্যার পর রোকসানা ও তাঁর মেয়ে বাসায় অবস্থানকালে তারিকুল ও নুরুন্নাহারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি রোকসানা বেগমের বাসায় হামলা চালান। এ সময় রোকসানা বেগম ও তাঁর মেয়ে মুহতামিম মুনতাহাকে মারধর ও লুটপাট করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ সময় ৯৯৯ নম্বরে ফোন করা হলে এবং পাশের লোকজন এগিয়ে আসতে থাকলে হামলাকারীরা স্কুলশিক্ষিকা রোকসানা ও তাঁর পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দিয়ে চলে যান। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহত রোকসানা বেগম ও তাঁর মেয়ে মুহতামিম মুনতাহাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এদিকে, প্রকৃত ঘটনাকে আড়াল করে তারিকুল ও নুরুন্নাহার স্কুলশিক্ষিকা রোকসানা ও তাঁর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের অপচেষ্টা করছেন বলে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ উঠেছে।

স্কুলশিক্ষিকা ও মেয়ে প্রহৃত,জমি ছাড়তে বলা,ভাড়াটিয়া,পীরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত