
পাবনার ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ)-এর উদ্যোগে ৭৫ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি এবং ৫ জন প্রশিক্ষণার্থীকে এককালীন প্রশিক্ষণ বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালনা কমিটির সভাপতি ড. এম এ জাহিদ হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান।
এ সময় আদাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসার আলী, পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী, ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ইনচার্জ ও সহকারী প্রশিক্ষক (টিডিএম) ফাতেমা খাতুন এবং ফিল্ড কো-অর্ডিনেটর মো. মনিরুজ্জামান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভাব বাংলাদেশের প্রকল্পভুক্ত উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান—আদাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়, পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি কম্পিউটার অপারেশন লেভেল-২ কোর্সের ৫ জন দক্ষ প্রশিক্ষণার্থীকে এককালীন প্রশিক্ষণ বৃত্তি দেওয়া হয়।
সভায় জানানো হয়, ভাব বাংলাদেশ ২০১৮ সাল থেকে ভাঙ্গুড়া উপজেলায় কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে উপজেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় সংস্থাটির কার্যক্রমের আওতাভুক্ত রয়েছে। এসব প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, স্কুল ড্রেস বিতরণ, মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।
এ ছাড়া সংস্থাটির পরিচালিত ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে কম্পিউটার অপারেশন লেভেল-২ ও লেভেল-৩ এবং টেইলারিং ও ড্রেস মেকিং লেভেল-২ কোর্সে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে দক্ষতা যাচাইয়ে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সনদ প্রদান করা হয়। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করতে সংস্থার পক্ষ থেকে এককালীন প্রশিক্ষণ বৃত্তিও দেওয়া হয়।