ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পরীক্ষার নথিপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বেসরকারি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ।

পুলিশ জানায়, শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার যাদুরানী বাজার এলাকা থেকে অভিযানের মাধ্যমে উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম শরীফ (৩০)-কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার নীলগাঁ গ্রামের আবুল হোসেনের ছেলে।

মামলার অন্য আসামিরা হলেন— উপজেলার বশালগাঁও গ্রামের মৃত শামসুল হকের ছেলে জামাল উদ্দীন (৬৫), হরিপুর ভবানন্দপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মোকলেছুর রহমান (৩৫), তোররা গ্রামের গোলাম মোস্তফার ছেলে এরফান আলী (৪৫), ভবানন্দপুর গ্রামের মতিউর রহমানের ছেলে ফারুক (৩৮), মশানগাঁও গ্রামের ভটা মোহাম্মদের ছেলে মাসুদ রানা (৪০), কুদ্দুস আলীর ছেলে উজ্জল (৩৮), নন্দগাঁও গ্রামের আরিফ হোসেনের ছেলে আসিফ (৩০), ভবানন্দপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মনিরুজ্জামান (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার কার্যক্রম চলাকালে একদল ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে উত্তেজনা সৃষ্টি করে। অভিযোগ রয়েছে, তারা জোরপূর্বক পরীক্ষার খাতা ও সংশ্লিষ্ট কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে পরীক্ষাকেন্দ্রে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরীক্ষার কার্যক্রম ব্যাহত হয়।

ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসনকে অবহিত করলে তদন্ত শুরু করে পুলিশ। পরে এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও প্রায় ৩৫-৪০ জনকে অজ্ঞাত আসামি করে হরিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

পরীক্ষার নথিপত্র,ঠাকুরগাঁও,বিএনপি নেতা,মামলা,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত