ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

অর্থ আত্মসাৎ মামলা, ইকুয়্যাল হোমসের চেয়ারম্যান-এমডির বিচার শুরু

অর্থ আত্মসাৎ মামলা, ইকুয়্যাল হোমসের চেয়ারম্যান-এমডির বিচার শুরু

২৫ লাখ টাকা আত্মসাতের মামলায় ইকুয়্যাল হোমস লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মেহেদী হাসান আরিফ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজলা আশরাফ খানম লুনার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২৭ এ আদেশ দেন।

মামলার বাদী মোহাম্মদ মেহেদী হাসান খানের আইনজীবী পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে উঠে আসা আরও তিন পরিচালকের নাম উল্লেখ করে তাদের আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন করেন। তারা হলেন—মো. সাইফ উদ্দিন খান অপার, মো. নাইফ উদ্দিন খান শালীন ও কবিরুল ইসলাম পান্না।

তবে আদালত ওই আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের সময় তাদের আসামি করার সুযোগ রয়েছে বলে মতামত দেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইকুয়্যাল হোমস লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মেহেদী হাসান আরিফ ও ব্যবস্থাপনা পরিচালক নাজলা আশরাফ খানম লুনার বিরুদ্ধে মামলা করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান খান।

এর আগে গত ২২ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৬ ওই দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরদিন তারা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, চেয়ারম্যান সৈয়দ মেহেদী হাসান আরিফ ও ব্যবস্থাপনা পরিচালক নাজলা আশরাফ খানম লুনাসহ উল্লেখিত তিন পরিচালক মো. সাইফ উদ্দিন খান অপার, মো. নাইফ উদ্দিন খান শালীন ও কবিরুল ইসলাম পান্নার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে আরও একটি সিআর মামলা (নম্বর-১১৪/২৬) রয়েছে। মামলাটি বর্তমানে মুগদা থানায় তদন্তাধীন।

সোমবার অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হলো।

বিচার শুরু,চেয়ারম্যান-এমডি,ইকুয়্যাল হোমস,অর্থ আত্মসাৎ মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত