ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

রুনা লায়লার গানে মুগ্ধ তারিক আনাম

রুনা লায়লার গানে মুগ্ধ তারিক আনাম

কিংবদন্তির গান বহুবার শুনেছেন, কিন্তু তাঁর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার অভিজ্ঞতা ছিল অধরা। অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো অভিনেতা তারিক আনাম খানের। শুক্রবার রুনা লায়লার সঙ্গে কাটানো সন্ধ্যাটি তাঁর কাছে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত আখ্যা দিয়ে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।

গায়িকার সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা প্রকাশ করে তারিক লিখেছেন, “গত শুক্রবার জীবনের একটি স্মরণীয় সন্ধ্যা কাটালাম। ভাবিনি কোনোদিন তার সাথে একই মঞ্চে দাঁড়াব, কথা বলব, তাকে প্রশ্ন করব। তার গানের ভক্ত এই উপমহাদেশ জুড়ে অনেক, আমিও।

কিন্তু তার ‘উইট’ আর ‘সেন্স অব হিউমার’ এর বিশাল ভক্ত আমি । অনুষ্ঠানের আগে সে কথাই বলেছিলাম তাকে। বলেছিলাম, ‘আমি কিন্তু মঞ্চে আপনার মজার কথা শুনতে চাই।’ তার গান শুনেছি, জীবনের গল্প শুনেছি, মজার কথা শুনেছি— এমনকি তিনি আমাকে মঞ্চে নাচও শিখিয়েছেন।”

ছয় দশক ধরে সংগীতচর্চায় ক্লান্তিহীন পথচলার জন্য রুনা লায়লার প্রশংসা করেছেন তারিক আনাম। তার দীর্ঘায়ু কামনা করে অভিনেতা লেখেন, ‘গানে আজও অনবদ্য, হিউমারও অনন্য সাধারণ। তিনি রুনা লায়লা। ছয় দশক ধরে গান গেয়ে চলেছেন, আজও ক্লান্তিহীন। প্রায় আড়াই ঘণ্টা একাই গাইলেন, মাতিয়ে রাখলেন দর্শককে। সালাম রুনা আপা ।আরও ছয় দশক কাটুক এমনি করে । এই উদ্‌যাপনের অংশ হতে পেরে আমি গর্বিত।’

উল্লেখ্য, রুনা লায়লা উপমহাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী। বাংলা, হিন্দি, উর্দুসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে দীর্ঘ ছয় দশক ধরে সুরের যাদুতে শ্রোতাদের বুদ করে রেখেছেন তিনি।

তারিক আনাম,মুগ্ধ,গানে,রুনা লায়লা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত