ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

দেশের রিজার্ভ আরও বাড়লো

দেশের রিজার্ভ আরও বাড়লো

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদায় বেলায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমান দেশে রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

আর আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ২৯ দশমিক ৮৬ বিলিয়ন ডলারে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারি দিন শেষে রিজার্ভ প্রায় ৩৪.৫৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রাখছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। গত ডিসেম্বরের ধারাবাহিকতায় জানুয়ারিতেও প্রবাসীরা তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

চলতি মাস ফেব্রুয়ারিতেও রেমিট্যান্সের ধারা অব্যাহত রয়েছে। মাসটির প্রথম ১৬ দিনে ১৮০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ ২২ হাজার ৪৫ কোটি ৪০ লাখ টাকা। এটি গত বছরের একই সময়ের চেয়ে ৪০ কোটি ৭০ লাখ ডলার বা ৪ হাজার ৯৬৫ কোটি টাকার বেশি এসেছে।

গত বছরের একই সময়ে এসেছিল ১৪০ কোটি ডলার। সদ্য বিদায়ী জানুয়ারি মাসের পুরো সময়ে ৩.১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবারত প্রবাসী বাংলাদেশিরা।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলারে। আর আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ ছিল প্রায় ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।

গত ২ ফেব্রুয়ারি রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছিল ৩৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারে। আর আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে মতে রিজার্ভ বেড়ে দাঁড়ায় প্রায় ২৮ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে।

আবা/এসআর/২৫

রিজার্ভ,বাড়লো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত