ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রেমিট্যান্সে ঊর্ধ্বগতি, ২৪ দিনেই তিন বিলিয়ন ডলার ছাড়ালো

রেমিট্যান্সে ঊর্ধ্বগতি, ২৪ দিনেই তিন বিলিয়ন ডলার ছাড়ালো

পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি মার্চ মাসের প্রথম ২৪ দিনেই প্রবাসী আয় তিন বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রা প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলছে।

বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চের প্রথম ২৪ দিনে প্রবাসীরা মোট ৩০৫ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২৩ টাকা) যার পরিমাণ প্রায় ৩৭ হাজার ৫১৫ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, রমজান ও ঈদকে সামনে রেখে পরিবারের বাড়তি খরচ ও কেনাকাটার জন্য প্রবাসীরা বেশি পরিমাণ অর্থ দেশে পাঠাচ্ছেন। এর ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা তৈরি হয়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

একই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসতে পারে বলেও মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা ৩০২ কোটি বা ৩ দশমিক ০২ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকা। গত বছরের ফেব্রুয়ারির তুলনায় এ বছর একই মাসে রেমিট্যান্স বেড়েছে ১৯ দশমিক ৫ শতাংশ। গত বছর ফেব্রুয়ারিতে এ পরিমাণ ছিল ২৫২ কোটি ডলার।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৪ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে দুই হাজার ৫০৪ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ১ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল দুই হাজার ২৩৮ কোটি মার্কিন ডলার।

৩ বিলিয়ন ডলার ছাড়ালো,২৪ দিন,রেমিট্যান্সে ঊর্ধ্বগতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত