ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ডাকসু নির্বাচন

সদস্য পদে বিজয়ী হয়ে যা বললেন সেই সর্ব মিত্র চাকমা

সদস্য পদে বিজয়ী হয়ে যা বললেন সেই সর্ব মিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল। এই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন সর্ব মিত্র চাকমা। তিনি পেয়েছেন ৮ হাজার ৯৯৮ ভোট।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

নিজের ফলাফল জানার পর সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সর্ব মিত্র। ওই পোস্টে তিনি লিখেছেন, সিনেট থেকে বের হয়ে ফরহাদ ভাইয়ের প্রথম উপদেশ, "এতোদিন তোমার পেছনে যারা লেগে ছিল, সেসব এখন অতীত। হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। আরো নম্রতার সাথে সবকিছু ডিল করতে হবে।"

কৃতজ্ঞতা প্রকাশ করে সর্ব মিত্র লেখেন, আপনাদের ভালোবাসা-দোয়া-আশীর্বাদ আমাকে বিচলিত হতে দেয়নি এক মুহূর্তের জন্য, কখনো ভাবনায় আসেনি "ভুল করেছি কিনা!" আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। বিশেষ কারণে কেউ হিংসা-বিদ্বেষ লালন করতে চাইলে ক্ষতি নেই। তবে, আমাদের অধিকার আদায়ে আপনাদের সহযোগিতা কামনা করি। দল-মত ভুলে একসাথে আপনাদের সাথে কাজ করতে চাই।

তিনি আরও লেখেন, ডাকসুতে নির্বাচিত হওয়াটা আমার কাছে চেয়ার বা পদ বা ক্ষমতা নয়, এটা একটা বিরাট দায়িত্ব। হাজারটা প্রত্যাশা নিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, প্রত্যাশা এবং প্রাপ্তির সমীকরণটা যেভাবেই হোক মেলাতেই হবে! স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয়ার দায়িত্ব অর্পণ করেছেন , আমি আপনাদের নিরাশ করবো না।

‘আমাদের সংগ্রাম জারি থাকবে! - আপনাদের সর্ব’—শেষে যোগ করেন সর্ব মিত্র চাকমা।

সদস্য পদ,ঢাকা বিশ্ববিদ্যালয়,ডাকসু,সর্ব মিত্র চাকমা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত