ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

জকসু ও বৃত্তি আদায়ে কর্মসূচির ঘোষণা জবি শিবিরের

জকসু ও বৃত্তি আদায়ে কর্মসূচির ঘোষণা জবি শিবিরের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির দাবিতে আগামীকাল থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে জবি শাখা ছাত্রশিবির।

সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।

এসময় ১ মাসের মধ্যে ভোটার লিস্ট হালনাগাদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা এবং অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে বৃত্তির জন্য আবেদন গ্রহণ করে নভেম্বরে শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি প্রদানের দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জবি শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘আমরা যমুনায় আন্দোলন করার সময় বৃত্তির ব্যবস্থা করার প্রতিশ্রুতি পেয়েছিলাম। এতদিন কেটে যাওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা টাকাও দিতে পারেনি। আমরা আমাদের ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে নির্দিষ্ট সময়সীমা দিতে পারেনি। অক্টোবরের প্রথম সপ্তাহের ভেতর বিশেষ বৃত্তির আবেদন সম্পন্ন করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই যেন শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা তাদের দাবিদাওয়া তুলে ধরতে পারে। জকসু নির্বাচনের জন্য একজন শিক্ষক ও একজন আইন কর্মকর্তা নিয়োগ দিতে হবে, যারা এ বিষয়ে আমাদেরকে হালনাগাদ তথ্য দিতে পারবে। জবি শিবির বুঝে গেছে জকসু ও বৃত্তি আদায়ে ভালো কথায় কাজ হবে না।’

লাগাতার আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দাবি বাস্তবায়নের জন্য আগামীকাল থেকে আমরা লাগাতার আন্দোলনে যাবো। শুরুতে দেয়াল লিখন, সংশ্লিষ্ট দপ্তরের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও মানববন্ধনের মত কর্মসূচি নেয়া হবে। ১ সপ্তাহের ভেতর আমাদের দাবি না মানলে আরো কঠোর আন্দোলনে যাবো আমরা।’

এসময় সংবাদ সম্মেলনে জবি শিবিরের সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফসহ সেক্রেটারিয়েট বডি—ইব্রাহিম খলিল, মো. জাহেদ, মোস্তাফিজ আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জবি শিবির,কর্মসূচি,জকসু ও বৃত্তি আদায়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত