ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চবি কেন্দ্রে রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

চবি কেন্দ্রে রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ও আইবিএ ‘বি’ ইউনিটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিবিএ প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার (২৪ জানুয়ারি) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত চলে।

বেলা ১১টায় পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

পরিদর্শন শেষে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সন্তোষ প্রকাশ করে বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে নিরাপত্তা জোরদারসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, হাটহাজারী উপজেলা প্রশাসন, ট্রাফিক প্রশাসন, রেলওয়ে প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন রাবি ‘বি’ ইউনিটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, রাবি ‘বি’ ইউনিটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি রাবি ফাইনান্স বিভাগের প্রফেসর ড. এ.এইচ.এম. জিয়াউল হক, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম ও হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রভাষক মো. নাহিদ উদ্দিন, চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি রেজিস্ট্রার, চবি প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, চবি আইসিটি সেলের পরিচালক, বরিষ্ঠ শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ৩ হাজার ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ৪৬৬ জন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়,চবি,রাবি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,ভর্তি পরীক্ষা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত