ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার জন্য হুমকি নয়, শক্তিশালী সহায়ক: বেরোবি উপাচার্য

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার জন্য হুমকি নয়, শক্তিশালী সহায়ক: বেরোবি উপাচার্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) গবেষণার প্রচলিত কাঠামোতে আমূল পরিবর্তন এনেছে এবং ধীরে ধীরে এটি একাডেমিক গবেষণার শক্তিশালী সহায়ক হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, এআই কখনোই গবেষণার জন্য হুমকি নয়; বরং গবেষণার গুণগত মান উন্নয়ন ও সময় সাশ্রয়ে এটি অত্যন্ত কার্যকর সহায়ক হিসেবে ভূমিকা রাখছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ওয়ার্কশপ অন দ্যা অ্যাপ্লিকেশন অফ এআই টুলস ইন একাডেমিক রিসার্চ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন, আমরা এখন প্রযুক্তিনির্ভর যুগে বসবাস করছি, যেখানে নিজেকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। এআই সম্পর্কে সুস্পষ্ট ধারণা ও দক্ষতা অর্জনের মাধ্যমে একাডেমিক রিসার্চকে আরও গতিশীল ও মানসম্মত করা সম্ভব। গবেষণার উৎকর্ষতা বাড়াতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো জরুরি বলে তিনি উল্লেখ করেন।

কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম। একাডেমিক গবেষণায় এআই টুলসের ব্যবহার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইমরান মাহমুদ।

কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিব এবং ড. মো. সজিব মিয়া উপস্থিত ছিলেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা,গবেষণার জন্য হুমকি নয়, শক্তিশালী সহায়ক: বেরোবি উপাচার্য,গবেষণা,হুমকি,বেরোবি উপাচার্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত