ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

জুনিয়র বৃত্তি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

জুনিয়র বৃত্তি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

দেশের জুনিয়র বৃত্তি ও সমমানের বৃত্তি ও এবতেদায়ি ৫ম বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ৩০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ফলাফল প্রকাশ ও নীতিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য—

১. সাধারণ শিক্ষা বোর্ডসমূহ

সারা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়।

  • মোট ফরম পূরণ: ৩,৪৬,৫৯১ জন
  • পরীক্ষায় অংশগ্রহণ: ৩,১৫,১৬০ জন
  • মোট নম্বর: ৪০০
  • বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী:
  • মেধাবৃত্তি: ১৪,৭০০ জন
  • সাধারণ বৃত্তি: ৩১,৫০০ জন
  • মোট: ৬৮,৭৬৮ জন

২. বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

ইবতেদায়ী (৫ম শ্রেণি):

  • ফরম পূরণ: ৬৯,৬০০
  • অংশগ্রহণ: ৬৩,৯৩০

দাখিল (৮ম শ্রেণি):

  • ফরম পূরণ: ৪৮,২৯৩
  • অংশগ্রহণ: ৪৩,৭০৯
  • মোট বৃত্তিপ্রাপ্ত: ২২,৩৬০ জন

৩. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

জেএসসি/জেডিসি ভোকেশনাল সমমানের পরীক্ষায়:

  • ফরম পূরণ: ৩,১০৪
  • অংশগ্রহণ: ২,৬১১
  • মোট নম্বর: ৫০০
  • মোট বৃত্তিপ্রাপ্ত: ২০৮ জন

গত বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল। বেসরকারি (কিন্ডারগার্টেন) শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করায় বিষয়টি আদালতে গড়ায়। আদালতের নির্দেশনা ও সমঅধিকারের সাংবিধানিক নীতির আলোকে সরকার নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৮০ শতাংশ ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২০ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে। সরকারি প্রাথমিক স্কুলের বৃত্তি ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি উপজেলাভিত্তিক হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আগামী এপ্রিল এর প্রথম সপ্তাহে অর্থাৎ কোরবানি ইদের আগে গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা আয়োজন করা হবে বলে জানান।

  • মোট বৃত্তি: ৮২,৫০০
  • ট্যালেন্ট পুল: ৩৩,০০০
  • সরকারি: ২৭,৫০০ (৮০%)
  • বেসরকারি: ৫,৫০০ (২০%)
  • সাধারণ বৃত্তি: ৪৯,৫০০
  • সরকারি: ৪১,২৫০ (৮০%)
  • বেসরকারি: ৮,২৫০ (২০%)

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, “বৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়- এটি মেধা, অধ্যবসায় ও শৃঙ্খলার স্বীকৃতি। শিক্ষার্থীদের প্রণোদনা বন্ধ নয় বরং আরও বিস্তৃত করার দিকেই সরকার এগোচ্ছে।” মন্ত্রী বলেন, “যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রাথমিক বাছাই একটি স্বাভাবিক প্রক্রিয়া। বিসিএসসহ সকল জাতীয় পরীক্ষায় এ ধরনের ধাপ রয়েছে।”

ড. এহছানুল হক মিলন জোর দিয়ে বলেন, নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। মূল্যায়ন কেন্দ্রে অনিয়ম রোধে নতুন মনিটরিং ব্যবস্থা বিবেচনাধীন। নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ প্রাথমিক স্তর থেকেই অন্তর্ভুক্ত করা হবে। আদালতের নির্দেশনার পরও কোথাও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনে বিশেষ সেল গঠন করা হবে।

সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষা বোর্ড, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

জুনিয়র বৃত্তি,পরীক্ষা,ফল প্রকাশ,এবতেদায়ি বৃত্তি,শিক্ষা মন্ত্রণালয়,শিক্ষামন্ত্রী,এহছানুল হক মিলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত