ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নজরুল বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতির বার্তায় কেন্দ্রীয় ইফতার

নজরুল বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতির বার্তায় কেন্দ্রীয় ইফতার

পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে সম্প্রীতি ও আত্মশুদ্ধির আহ্বানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ কেন্দ্রীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ভবন ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ভবনের মধ্যবর্তী প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান লিটন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের অতীত-বর্তমানের অগ্রযাত্রার কথা উল্লেখ করে বলেন, “ছোট পরিসর থেকে শুরু করে আজ বিশ্ববিদ্যালয় একটি দৃশ্যমান অবস্থানে পৌঁছেছে। দীর্ঘদিন পর ক্যাম্পাসে এসে উন্নয়নের ধারা দেখে ভালো লাগছে।”

তিনি বলেন, শিক্ষার্থীর অনুপাতে শিক্ষকসংখ্যা বৃদ্ধি, সবুজায়ন ও অবকাঠামোগত সম্প্রসারণ সময়ের দাবি। বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধির লক্ষ্যে জমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানদণ্ড ও র‌্যাংকিংয়ে এগিয়ে নিতে সরকারের সহযোগিতার কথাও উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “রমজানের সংযম ও নৈতিক চর্চা যদি আমরা সারা বছর ধারণ করতে পারি, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

তিনি বিশ্ববিদ্যালয়ের বাজেট ও জনবল সংকটের বিষয়টি তুলে ধরে সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। আয়োজক কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং সদস্য-সচিব ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার অনুষ্ঠানে বক্তব্য দেন।

স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এবারই প্রথমবারের মতো আবাসিক ও অনাবাসিক সকল শিক্ষার্থী একত্রে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলে অংশগ্রহণের সুযোগ পান।

ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।

কেন্দ্রীয় ইফতার,সম্প্রীতির বার্তা,নজরুল বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত