ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বন্ধ ক্যাম্পাসে বেরোবি হলে দেড় লাখ টাকার নেটওয়ার্ক সুইচ চুরি

বন্ধ ক্যাম্পাসে বেরোবি হলে দেড় লাখ টাকার নেটওয়ার্ক সুইচ চুরি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হল থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি নেটওয়ার্ক সুইচ চুরির অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।

হলের আবাসিক শিক্ষার্থী সাদুইল রহমান বলেন, গতকাল রাতে ঝড়ের কারণে হলে বিদ্যুৎ চলে যায়। সেই সুযোগে চোর চুরি করে। পরে বিদ্যুৎ আসার পর আমরা নেটওয়ার্ক না পেয়ে খোঁজ নিয়ে দেখি, রুমের বাইরে থাকা মেশিনটি খোলা এবং সেখান থেকে নেটওয়ার্ক সুইচটি নেই।

হলের একাধিক আবাসিক শিক্ষার্থী জানান, কিছুদিন পরপরই বিভিন্ন জিনিস চুরি হচ্ছে। কারও সাইকেল, কারও ল্যাপটপ চুরি হলেও হল প্রশাসন কাউকে শনাক্ত করতে পারছে না। সর্বশেষ এত দামী একটি যন্ত্র চুরি হওয়ায় তারা জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

রাতে ডিউটিতে থাকা সিকিউরিটি গার্ড মনোয়ার হোসেন বলেন, রাত ৮টার দিকে শিক্ষার্থীরা ওয়াইফাই না পাওয়ার কথা বলে নিচে এলে আমরা সেখানেই ছিলাম। এখানে কোনো বহিরাগত আসেনি। আর যে যন্ত্রটি চুরি হয়েছে, তা খুলতে দক্ষ লোক ও সময়ের প্রয়োজন।

তিনি আরও বলেন, আমি দায়িত্বে থাকা অবস্থায় বিষয়টি জানতে পারিনি। রাত ১০টার দিকে দায়িত্ব শাহিন ভাইকে বুঝিয়ে দিয়ে চলে যাই। সকালে জানতে পারি, হল থেকে লক্ষাধিক টাকার নেটওয়ার্ক সুইচ চুরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট ড. মো. কামরুজ্জামানসহ একাধিক সহকারী প্রভোস্টকে একাধিকবার ফোন করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নেটওয়ার্ক সুইচ চুরি,দেড় লাখ টাকা,বেরোবি হল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত