ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রাবিতে ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৪ ধরনের ফ্রি সেবা

রাবিতে ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৪ ধরনের ফ্রি সেবা

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে শাখা ছাত্রশিবির। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় এ ক্যাম্পের উদ্বোধন করা হয়, যা বিকাল ৩টা পর্যন্ত চলবে।

এতে ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর এবং ছাত্রীদের জন্য টুকিটাকি চত্বর নির্ধারণ করা হয়েছে—এই দুই স্থানে পৃথকভাবে ক্যাম্প পরিচালিত হচ্ছে। ক্যাম্পে চর্ম, দন্ত, গাইনি ও মেডিসিন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের বিনামূল্যে সেবা প্রদান করছেন।

উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. মাঈন উদ্দিন বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা, বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। অন্যান্য স্থানে অনেক সময় রোগী ডাক্তার দেখার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়, কিন্তু এখানে ডাক্তাররা সরাসরি ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। এটি সত্যিই একটি বড় অর্জন।’

তিনি আরও বলেন, ‘ছাত্র সংগঠনগুলোর যদি এই ধরনের ওয়েলফেয়ার প্রোগ্রাম পরিচালিত হয়, তাহলে ক্যাম্পাসে একটি পজিটিভ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হবে। শীতকালে আমরা ছাত্র-ছাত্রীদের মধ্যে হানাহানি ও মারামারির খবর শুনেছি, যা শিক্ষার্থীদের জন্য কষ্টের কারণ ছিল। কিন্তু ৫ই আগস্টের বিপ্লবের পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে একটি সুস্থ ধারা লক্ষ্য করা যাচ্ছে।’

তিনি সব ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমি অনুরোধ করব, তারা যেন এই ধরনের পজিটিভ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছায়। এর ফলে তাদের কার্যক্রম আরও গ্রহণযোগ্য ও ফলপ্রসূ হবে।’

শাখা ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ছাত্র শিবির একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। এখানে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক বুথের ব্যবস্থা করা হয়েছে। টুকিটাকি চত্বরে ছাত্রীদের জন্য আলাদা বুথ নির্ধারণ করা হয়েছে এবং ছাত্রদের জন্যও পৃথক বুথ রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘ছাত্রদের বুথে মেডিসিন, ডেন্টাল ও স্কিন বিশেষজ্ঞরা সেবা দিচ্ছেন। অপরদিকে ছাত্রীদের বুথে মেডিসিন, ডেন্টাল, স্কিনের পাশাপাশি গাইনি বিশেষজ্ঞরাও উপস্থিত রয়েছেন। এই আয়োজনটি বিকাল তিনটা পর্যন্ত চলবে। ডাক্তারের পরামর্শের পাশাপাশি এখানে প্রয়োজনীয় ওষুধও প্রদান করা হচ্ছে। আপনারা জানেন, ছাত্র শিবির বরাবরই শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে কাজ করে আসছে এবং আমাদের এই কার্যক্রমগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ বেশি লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি, এই উদ্যোগের মাধ্যমে সবাই উপকৃত হবে। শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা যেন সহজে চিকিৎসাসেবা পায় এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

ক্যাম্পে সেবা নিতে এসে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নূরী খাতুন বলেন, ‘এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের জন্য অনেক উপকারী। এখানে এসে সহজেই অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিতে পেরেছি, যা আমাদের জন্য বড় সুযোগ।’

একই বিভাগের আরেক শিক্ষার্থী তাসনিম সুলতানা বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য দিবসে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এতে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়বে বলে আমি মনে করি।’

উল্লেখ্য, ক্যাম্পটি বাস্তবায়নে ন্যাশনাল ডক্টরস ফোরাম, রাজশাহী জেলা এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহযোগিতা প্রদান করছে।

৪ ধরনের ফ্রি সেবা,ফ্রি মেডিকেল ক্যাম্প,রাবি ছাত্রশিবির
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত