
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত সিএনজিচালককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমান।
পুলিশ জানায়, মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসানকে মারধরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়নি। বিস্তারিত তথ্য যাচাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। আটক ব্যক্তির নাম মোহাম্মদ হাসান। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা।
চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, অভিযুক্ত ব্যক্তিকে তার নিজ এলাকার আশপাশ থেকেই আটক করা হয়েছে। তবে এখনো মামলা না হওয়ায় দ্রুত আদালতে সোপর্দ করার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে মামলা করার দাবি জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী জানান, শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তিনি হাটহাজারী থানায় আটক রয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে এক নম্বর গেট পর্যন্ত যাওয়ার পথে নির্ধারিত ৭ টাকার ভাড়ার পরিবর্তে ১০ টাকা দাবি করেন সিএনজিচালক। অতিরিক্ত ভাড়া নিয়ে বিরোধের জেরে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে মারধর করা হয়। এতে তিনি আহত হন।