ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বেরোবিতে শেষ হল ৪ দিনব্যাপী শহিদ আবু সাঈদ বইমেলা

বেরোবিতে শেষ হল ৪ দিনব্যাপী শহিদ আবু সাঈদ বইমেলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এ জুলাই বিপ্লবের অগ্রসৈনিক আবু সাঈদের স্মরণে আয়োজিত ‘শহিদ আবু সাঈদ বইমেলা ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা স্মারক মাঠে চার দিনব্যাপী এই বইমেলার সমাপনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শহিদুল ইসলাম, এনডিসি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আবু সাঈদরা যে স্বপ্ন দেখে জীবন দিয়েছে, সে স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের মূল হাতিয়ার হচ্ছে বই।

বিশ্ববিদ্যালয়কে একটি উন্মুক্ত দ্বার হিসেবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের সবদিকে নিজেদের বিকাশের আহ্বান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, বইমেলা আলোকিত মানুষ গড়ার একটি মাধ্যম। এটি একটি সর্বজনীন উৎসব। উত্তরবঙ্গের মানুষের মাঝে বই পড়ার প্রতি যে আগ্রহ ও উদ্দীপনা আমরা দেখেছি, তা সত্যিই আশাব্যঞ্জক।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই আয়োজনগুলো করছি। শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিভিটিজে সম্পৃক্ত থাকা জরুরি। শিক্ষার্থীরা যত বেশি এসব কার্যক্রমে যুক্ত হবে, তাদের জ্ঞানের পরিধি তত বাড়বে।

উপাচার্য আরও বলেন, ভবিষ্যতে আমরা এই বইমেলার পরিসর আরও বড় করতে চাই।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শহিদ আবু সাঈদ বইমেলা-২০২৬ আয়োজক উপ-কমিটির আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান।

এছাড়াও আরও বক্তব্য রাখেন তিস্তা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মো. আশরাফুল আলম আল-আমিন, ইস্পাহানি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার শাহাদাত হোসেন এবং প্রিমিয়াম ফ্রুটস-এর ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ আল সাগর।

সমাপনী দিনে গ্রন্থ পর্যালোচনা, রম্য বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ১২ থেকে ১৫ এপ্রিল চার দিনব্যাপী এই বইমেলায় আবু সাঈদ কর্নারসহ মোট ৩৫টি প্রকাশনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশ নেয়।

বেরোবি,শহিদ আবু সাঈদ বইমেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত