অনলাইন সংস্করণ
১৫:১৪, ১৯ এপ্রিল, ২০২৬
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্রগুলোর জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
নির্দেশনায় কেন্দ্রগুলোকে সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য ও প্রশ্নপত্র গ্রহণকারী সংশ্লিষ্টদের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সিসি টিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ডসহ ট্রেজারি থেকে যেসব শিক্ষক ও কর্মচারী প্রশ্নপত্র গ্রহণ করবেন তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
নির্দেশনা অনুযায়ী, এসব তথ্য আজ রোববার অফিস সময়ের মধ্যে [email protected] এই ই-মেইলে পাঠাতে হবে।
শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে এবং ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।