ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

নজরুল বিশ্ববিদ্যালয়ে কল চুরি করতে গিয়ে যুবক আটক

নজরুল বিশ্ববিদ্যালয়ে কল চুরি করতে গিয়ে যুবক আটক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নতুন কলা ভবনের ওয়াশরুম থেকে পানির কল চুরির ঘটনায় এক যুবককে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১৯ এপ্রিল) ইতিহাস বিভাগে বেসিনের কল খুলে নেওয়ার সময় তাকে ধরে ফেলেন বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসাইন। পরে তাকে আইনগত ব্যবস্থার জন্য ত্রিশাল থানায় সোপর্দ করা হয়।

আটককৃত ব্যক্তির নাম সালমান রাফি, তার বাসা ময়মনসিংহ সদর। তার কাছে চুরিকৃত পানির কল, কল খোলার যন্ত্রাংশ, একটি ব্যাগ এবং কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের পর প্রাথমিকভাবে চুরির বিষয়টি স্বীকার করেন তিনি। তবে পরে তিনি দাবি করেন, ‘রাতুল’ নামে এক ব্যক্তি তাকে কাজের কথা বলে বিশ্ববিদ্যালয়ে এনেছিল এবং তিনি ভুলবশত চুরিতে জড়িয়ে পড়েন। ওই কথিত ব্যক্তির মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এর আগে, কয়েকদিন ধরে কলা ভবনসহ বিদ্রোহী হল এবং সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের বিভিন্ন ওয়াশরুম থেকে পানির কল চুরির ঘটনা ঘটছিল। ধারাবাহিক এসব ঘটনায় প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।

প্রত্যক্ষদর্শী হিসেবে প্রভাষক মো. জিল্লাল হোসাইন জানান, তিনি দায়িত্ব পালনকালে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ওয়াশরুমে প্রবেশ করতে দেখেন। পরে দ্রুত অনুসরণ করে নিচে নেমে আসলে চুরিকৃত কলসহ তাকে আটক করা হয়।

ঘটনা সম্পর্কে ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী প্রক্টর ড. মুহাম্মদ শামসুজ্জামান বলেন, “জিজ্ঞাসাবাদে সে চুরির বিষয়টি স্বীকার করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক চুরির ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

যুবক আটক,কল চুরি,নজরুল বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত