
রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ‘আগামী বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমেই অর্থনৈতিক সুরক্ষা অর্জন করা যাবে’ এই প্রস্তাবের পক্ষে যুক্তি উপস্থাপন করে বিজয় অর্জন করে তারা।
গত শনিবার (১৮ এপ্রিল) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিরোধী দল হিসেবে অংশ নেয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি।
বিজয়ী দল রোববার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম-এর কাছে ট্রফি হস্তান্তর করে। এ সময় উপাচার্য বিজয়ী বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিডি’র সম্মানীয় ফেলো ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ, চেয়ারম্যান, ডিবেট ফর ডেমোক্রেসি।
বিতর্কে প্রধানমন্ত্রী/সংসদ নেতা হিসেবে অংশ নেন হরি প্রিয়া সেন। অর্থমন্ত্রী হিসেবে ছিলেন মো. হাসিবুর রহমান। সংসদ সদস্য হিসেবে অংশ নেন মো. আতিকুর রহমান সেতু।
এছাড়া দলীয় সদস্য হিসেবে অংশগ্রহণ করেন আসাদুর রহমান রবিউল ও সাঈদা রহমান শৈলী।