অনলাইন সংস্করণ
১৬:০৪, ১৪ মে, ২০২৬
২০২৭ সালের জানুয়ারিতে এসএসসি ও সমমান এবং জুনে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ লক্ষ্যে পরীক্ষার প্রস্তাবিত সময়সূচিও প্রস্তুত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জানুয়ারি শুরু হবে এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি। শিক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে পরীক্ষার সময়সূচি আগেই প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং শেষ হবে ১৩ জুলাই। এসএসসির মতো এইচএসসি পরীক্ষার সময়সূচিও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।
ফল প্রকাশের সময় আরও কমিয়ে আনার চেষ্টা চলছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দুই মাসের মধ্যে ফল প্রকাশের প্রচলন রয়েছে। তবে এই সময় আরও কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এসএসসি পরীক্ষা জানুয়ারিতে হলেও বই উৎসবে কোনো প্রভাব পড়বে না। শিক্ষার্থীদের হাতে যথাসময়ে নতুন বই পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও জানান, পরীক্ষার মূল্যায়নের সুযোগ রেখে আইন সংশোধনের কাজ চলছে এবং পরবর্তী সংসদ অধিবেশনেই এটি পাস হতে পারে।