
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সঙ্গে ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং হোসাইন মামলুক অ্যান্ড কোং–এর দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিএমএ প্রোগ্রামে ভর্তি হলে সর্বোচ্চ ছয়টি কোর্সে ছাড়, তিন মাসের কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ, প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত ‘CMA Choice: Your Future Professional Career an Exciting Success Route’ শীর্ষক সেমিনারে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
চুক্তির আওতায় বিবিএ বা এমবিএ সম্পন্নকারী শিক্ষার্থীরা সিএমএ প্রোগ্রামে ভর্তি হলে মোট ২০টি কোর্সের মধ্যে সর্বোচ্চ ছয়টি কোর্স পর্যন্ত অব্যাহতি পাবেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য মেন্টরিং, কোচিং, ফিল্ড ভিজিট, অডিট ও কনসালটিং কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ রাখা হয়েছে। ধারাবাহিক মূল্যায়ন ও ফিডব্যাক ব্যবস্থাও থাকবে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সই করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার।
আইসিএমএবির পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার এবং হোসাইন মামলুক অ্যান্ড কোংয়ের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো. মামলুক হোসেন।
সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের জন্য দেশ-বিদেশে চাকরির ব্যাপক সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও মেধার সঠিক প্রয়োগ করতে পারলে ভালো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবস্থানে কাজ করার সুযোগ পাবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার এবং হোসাইন মামলুক অ্যান্ড কোংয়ের প্রিন্সিপাল মো. মামলুক হোসেন।
স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন।