ঢাকা শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঈদুল আজহা উপলক্ষে জাককানইবিতে ছাত্রশিবিরের কোরবানি আয়োজন

ঈদুল আজহা উপলক্ষে জাককানইবিতে ছাত্রশিবিরের কোরবানি আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যাম্পাসে কোরবানির আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৯ মে) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি গরু কোরবানি দেওয়া হয়। ঈদের আনন্দ শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের সঙ্গে ভাগাভাগি করতে এ আয়োজন করে সংগঠনটি।

সংগঠন সূত্রে জানা যায়, কোরবানির আয়োজনকে কেন্দ্র করে গত ২৬ ও ২৭ মে নিবন্ধনের ব্যবস্থা করা হয়। পরে নিবন্ধিতদের অংশগ্রহণে ক্যাম্পাসেই কোরবানির কার্যক্রম সম্পন্ন হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়া বলেন, “প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে আমরা কোরবানির আয়োজন করেছি। আমাদের মূল উদ্দেশ্য হলো যেসব শিক্ষার্থী ঈদের সময় বাড়িতে যেতে পারে না, তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা এবং ক্যাম্পাসে একটি পারিবারিক পরিবেশ সৃষ্টি করা।”

তিনি বলেন, “শুধু শিক্ষার্থীরাই নয়, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের আবাসিক এলাকায় বসবাসরত সংশ্লিষ্ট ব্যক্তিদেরও এ আনন্দের অংশীদার করা হয়। কোরবানির মাংস শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিতরণ করা হয়।”

রাসেল মিয়া আরও বলেন, “বিশেষ করে যারা পরিবার থেকে দূরে থেকে ঈদ উদযাপন করেন, তাদের কাছে ঈদের আনন্দ পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। পূর্বে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ক্যাম্পাসের বাইরে কোরবানির কার্যক্রম পরিচালনা করা হলেও গত বছর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এ আয়োজন করা হচ্ছে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। একই সঙ্গে ঈদের ত্যাগ, সহমর্মিতা ও আনন্দ ভাগাভাগির চেতনাও ছড়িয়ে দিচ্ছে।

কোরবানি আয়োজন,জাককানইবিতে ছাত্রশিবির,ঈদুল আজহা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত