ঢাকা মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

নজরুল বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখবে শিক্ষার্থীরা

নজরুল বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখবে শিক্ষার্থীরা

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুটবলপ্রেমীদের জন্য আসছে বিশ্বকাপ উন্মাদনার নতুন অভিজ্ঞতা। আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বড় পর্দায় সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়টির বিদ্রোহী হল প্রশাসন।

সোমবার (৮ জুন) বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বকাপ উপলক্ষে শিক্ষার্থীরা যেন একত্রে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই হল প্রাঙ্গণে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

একই সঙ্গে শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এমন উদ্যোগে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। শিক্ষার্থীদের একাংশের মতে, বন্ধুদের সঙ্গে একসঙ্গে বড় পর্দায় খেলা দেখার অভিজ্ঞতা বিশ্বকাপের উত্তেজনাকে আরও জীবন্ত করে তোলে।

বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিলসহ জনপ্রিয় দলগুলোর ম্যাচ ঘিরে যে আবেগ তৈরি হয়, তা ক্যাম্পাসের পরিবেশকে ভিন্ন মাত্রা দেয়।

এ বিষয়ে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, ফুটবল বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি শিক্ষার্থীদের আবেগ, উচ্ছ্বাস ও একসঙ্গে আনন্দ ভাগাভাগি করার একটি বড় উপলক্ষ। বিশ্বকাপ এলেই ক্যাম্পাসজুড়ে এক ভিন্ন ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, যেখানে সবাই একসঙ্গে প্রিয় দলের খেলা উপভোগ করতে চায়। সেই অনুভূতি ও বাস্তবতাকে গুরুত্ব দিয়েই আমরা হল প্রাঙ্গণে বড় পর্দায় গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছি।

আমাদের আশা, শিক্ষার্থীরা সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলা উপভোগ করবে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে একটি সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখবে।

ফুটবল বিশ্বকাপ,বড় পর্দা,নজরুল বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত