
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে রিডিং রুম সম্প্রসারণের কাজ অসম্পূর্ণ রেখেই পুনরায় টিভি স্থাপন করায় অসন্তোষ প্রকাশ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, বর্তমান রিডিং রুমটি হলের শিক্ষার্থীদের তুলনায় বেশ ছোট হওয়ায় দীর্ঘদিন ধরে বড় পরিসরের টিভি রুমটিকে রিডিং রুমে রূপান্তরের দাবি জানিয়ে আসছিলেন তারা।
তাদের প্রস্তাব ছিল, টিভি রুমকে রিডিং রুম এবং বিদ্যমান রিডিং রুমকে টিভি রুম হিসেবে ব্যবহার করা।
শিক্ষার্থীরা জানান, প্রায় দুই মাস আগে টিভি রুমকে রিডিং রুমে রূপান্তরের কাজ শুরু হয়। কক্ষের বেশিরভাগ সংস্কারকাজ সম্পন্ন হলেও প্রয়োজনীয় টেবিল-চেয়ার স্থাপন বাকি ছিল। তবে ঈদের ছুটি শেষে হল খুলতেই ওই কক্ষে আবার টেলিভিশন স্থাপন করা হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি করেছে।
আবাসিক শিক্ষার্থীদের ভাষ্য, বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক খেলা বিশ্ববিদ্যালয়ের স্মারক মাঠে বড় এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হয়। ফলে শিক্ষার্থীরা সেখানে গিয়ে খেলা উপভোগ করেন। হলের টিভি রুমে তেমন দর্শক না থাকায় পড়াশোনার সুবিধার্থে রিডিং রুমের প্রয়োজনীয়তাই বেশি বলে মনে করছেন তারা।
হলের আবাসিক শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, “ঈদের আগে টিভি রুমকে রিডিং রুমে রূপান্তরের কাজ শুরু হয়েছিল। ভেতরের অধিকাংশ কাজ শেষ হলেও চেয়ার-টেবিল স্থাপন বাকি ছিল। ঈদের পর সেই কাজ শেষ হওয়ার কথা থাকলেও অফিস খোলার দিনই সেখানে আবার টিভি বসানো হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হতাশাজনক।”
আরেক আবাসিক শিক্ষার্থী গোলাম রহমান শওন বলেন, “বিষয়টি নিয়ে হল প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, কিছু শিক্ষার্থীর অনুরোধে আসন্ন বিশ্বকাপ উপলক্ষে সাময়িকভাবে টিভি স্থাপন করা হয়েছে। তবে রিডিং রুমের আসবাবপত্রের কাজ এখনো শেষ হয়নি। ৪০ দিনের বেশি সময় পেরিয়ে গেলেও কাজ সম্পন্ন না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, “অফিসে এসে দেখা করলে এ বিষয়ে কথা বলা যাবে।”