
প্রতিবন্ধী তরুণদের স্বাস্থ্য সচেতনতা, দক্ষতা উন্নয়ন এবং সমাজের মূলধারায় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ‘ডিজেবিলিটি ইনক্লুসিভ হেলথ ইনিশিয়েটিভ’ শীর্ষক একটি বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকারবিষয়ক সংগঠন আরএইচস্টেপের ‘অপরাজেয় তারুণ্য’ (UYP) প্রকল্পের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টায় রংপুর শাখায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে রংপুরের বিভিন্ন স্কুল, কলেজ ও কমিউনিটি থেকে আসা প্রতিবন্ধী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা অংশগ্রহণ করেন।
প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. জিনিয়া পারভিন। তিনি অংশগ্রহণকারীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সেশন পরিচালনা করেন। এ সময় তিনি সহজ ব্যায়ামের মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কৌশল তুলে ধরেন। পাশাপাশি চিকিৎসা পুনর্বাসন প্রক্রিয়ায় প্রতিবন্ধী তরুণদের সম্ভাবনা এবং সমাজের মূলধারায় তাদের কার্যকর অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউওয়াইপি প্রকল্পের রংপুর শাখার ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য। সভাপতিত্ব করেন প্রকল্প অফিসার অনিমেষ রায়। তিনি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরে প্রতিবন্ধী তরুণদের ক্ষমতায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া মেন্টর আনিকা তাসকিন আরএইচস্টেপ, ইউওয়াইপি এবং সিডা সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। তিনি তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশে এসব উদ্যোগের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী তরুণদের সক্ষমতা বিকাশে সহায়ক হবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।