ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

চবিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘গ্র্যাজুয়েট সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত

চবিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘গ্র্যাজুয়েট সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিআইআরআই) যৌথ উদ্যোগে ‘প্রকৃতি থেকে অনুপ্রেরণা। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য।’ প্রতিপাদ্যে ‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গ্র্যাজুয়েট সিম্পোজিয়াম’ শীর্ষক অনুষ্ঠান বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১২টায় বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল ইসলাম।

সিম্পোজিয়ামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিআইআরআই) ব্যবস্থাপনা ট্রাস্টি ও চেয়ারম্যান শাহজাদা সৈয়দ ইরফানুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ব পরিবেশ দিবসের এই আয়োজনে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি সুফিবাদ তথা আধ্যাত্মিকতাকে যুক্ত করার ধারণাটি তাঁর কাছে চমৎকার লেগেছে। পরিবেশ রক্ষা এবং আজকের মূল প্রতিপাদ্য 'জলবায়ু কার্যক্রম'-এর ক্ষেত্রে এই দুটি দিকই সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আমি নব্বইয়ের দশক থেকে জলবায়ু পরিবর্তন ও ভৌগোলিক তথ্যব্যবস্থা (জিআইএস) নিয়ে গবেষণা করছি। দীর্ঘ ক্যারিয়ারে অনেক গবেষণাপত্র লিখলেও মাঝে মাঝে আফসোস হয় যে, পরিবেশের অবক্ষয় রোধে মানুষকে সহজে সচেতন করা যাচ্ছে না।’

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, বর্তমান পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হলো জলবায়ু পরিবর্তন। ভৌগোলিক কারণে বাংলাদেশ এই ঝুঁকিতে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে দেশের নিম্নভূমিগুলো পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই সংকট মোকাবিলায় সরকারের পরিবেশবান্ধব কর্মসূচির পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও বেশি বেশি গাছ লাগাতে হবে।

ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মো. বরকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক ও বিভাগের প্রফেসর ড. মো. ইকবাল সরোয়ার।

এছাড়া বক্তব্য রাখেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিআইআরআই) সদস্য সচিব ড. সাইফুল ইসলাম আচফিয়া।

মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. অলক পাল, প্রফেসর ড. মুহাম্মদ মুহিববুল্লাহ, প্রফেসর ড. মো. আতিকুর রহমান, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন, মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. শাহীনুল রহমান, বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের প্রফেসর ড. এ. এইচ. এম. রায়হান সরকার, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ শের মাহমুদ, বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন নেছা চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজ সুলতানা ও প্রভাষক মোহাম্মদ আলী। অনুষ্ঠানের অংশ হিসেবে পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, গবেষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চলমান উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর (হিট) উপ-প্রকল্পের সৌরবিদ্যুৎ ব্যবস্থাসহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি উপ-প্রকল্পের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং এর সফল বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

‘গ্র্যাজুয়েট সিম্পোজিয়াম’,বিশ্ব পরিবেশ দিবস,চবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত