
গবেষণা, জ্ঞানচর্চা ও আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ সেন্টার ফর ইন্টিগ্রেটেড রিসার্চ ফর বিজনেস অ্যান্ড সোসাইটি এবং এশিয়ান জার্নাল অফ বিজনেস এন্ড সোসাইটি -এর ওয়েবসাইট (www.cirbas.org) উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওয়েবসাইটটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
এসময় উপাচার্য বলেন, ডিজিটাল যুগে গবেষণা কার্যক্রমকে দেশ-বিদেশে তুলে ধরতে একটি সমৃদ্ধ ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই প্ল্যাটফর্ম গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিআইআরবিএএস-এর পরিচালক অধ্যাপক ড. এ. এন. এম. জাহাঙ্গীর কবীর জানান, নতুন ওয়েবসাইটে কেন্দ্রের গবেষণা, প্রকাশনা, প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও চলমান প্রকল্পের তথ্য একসঙ্গে পাওয়া যাবে। পাশাপাশি এটি দেশি-বিদেশি গবেষকদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতেও সহায়ক হবে।
অনুষ্ঠানে কেন্দ্রের সম্পাদক ড. মো. শাওন উদ্দিন, গভর্নিং কমিটির সদস্য ও গবেষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্যবসা, সমাজ, অর্থনীতি, পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ে প্রমাণভিত্তিক গবেষণা এবং নীতিনির্ধারণে সহায়তা করাই সিআইআরবিএএস-এর অন্যতম লক্ষ্য।