ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

স্বাভাবিক জীবনে ফিরতে চান জাবি শিক্ষার্থী মিফতাহুল বরাত

স্বাভাবিক জীবনে ফিরতে চান জাবি শিক্ষার্থী মিফতাহুল বরাত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী মিফতাহুল বরাত স্পাইনাল কর্ডে (শওয়ানোমা) নামের জটিল টিউমারে আক্রান্ত। তার উন্নত চিকিৎসার জন্য প্রায় ৮ লাখ টাকার প্রয়োজন। এ অবস্থায় সহপাঠী, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীরা সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

জানা গেছে, ২০২১ সালে বরাতের স্পাইনাল কর্ডে প্রথম টিউমার ধরা পড়ে। সে সময় অস্ত্রোপচার করা হলেও সম্প্রতি আবারও একই ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। পরবর্তীতে এমআরআই পরীক্ষায় টিউমারটি পুনরায় ফিরে আসার বিষয়টি নিশ্চিত হয়। বর্তমানে টিউমারটি তার স্নায়বিক কার্যক্রমে প্রভাব ফেলায় পায়ের শক্তি কমে গেছে। তিনি স্বাভাবিকভাবে দৌড়াতে পারছেন না এবং হাঁটতেও কষ্ট হচ্ছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, যত দ্রুত সম্ভব উন্নত অস্ত্রোপচার প্রয়োজন। এ জন্য তাকে ভারতে নিয়ে চিকিৎসা করানোর পরিকল্পনা করা হয়েছে। যাতায়াত, অস্ত্রোপচার, ওষুধ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়সহ প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন স্বজনরা।

সহপাঠীরা জানান, ২০২১ সালের অস্ত্রোপচারের ব্যয় মেটাতে বরাতের পরিবার ঋণ নিয়েছিল। সেই ঋণের প্রায় ৪ লাখ টাকা এখনো পরিশোধ করা সম্ভব হয়নি। এর মধ্যে নতুন করে ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হওয়ায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।

মিফতাহুল বরাত বলেন, “২০২১ সালে আমার স্পাইনাল কর্ডে টিউমার ধরা পড়ে। তখন অপারেশন করানোর পর কিছুটা সুস্থ হয়েছিলাম। কিন্তু কয়েকদিন আগে আবার একই সমস্যা শুরু হলে এমআরআই করাই। রিপোর্টে দেখা যায়, টিউমারটি আবার ফিরে এসেছে। এখন আমার পায়ের শক্তি কমে গেছে। দৌড়াতে পারি না। দৌড়ানোর চেষ্টা করলে পড়ে যাই। ধীরে ধীরে হাঁটতে পারি। চিকিৎসক দ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন।”

তিনি আরও বলেন, “আগের অপারেশনের জন্য নেওয়া ঋণ এখনো পরিশোধ করতে পারিনি। নতুন করে চিকিৎসার জন্য প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন, যা আমার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি। আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই, বন্ধুদের সঙ্গে খেলতে চাই, দৌড়াতে চাই।”

এ অবস্থায় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা বরাতের চিকিৎসার জন্য সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের আশা, সবার সম্মিলিত সহযোগিতা এবং মহান আল্লাহর রহমতে একজন মেধাবী শিক্ষার্থী আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

মিফতাহুল বরাত,জাবি শিক্ষার্থী,স্বাভাবিক জীবন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত