ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

জাতিসংঘে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে জাবির সাবেক শিক্ষাবিদ ওয়াহিদুজ্জামান

জাতিসংঘে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে জাবির সাবেক শিক্ষাবিদ ওয়াহিদুজ্জামান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি (ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও শিক্ষাবিদ অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান। রাষ্ট্রদূতের (গ্রেড-১) মর্যাদায় তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে।

৮ জুলাই (বুধবার) পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষরিত আধা-সরকারি পত্র (ডিও লেটার) থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ডিও লেটারের তথ্য অনুযায়ী, জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-৩ভুক্ত পদ ও বেতনসহ আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান-কে। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কার্যক্রম সুচারুভাবে ও গতিশীলভাবে পরিচালনা এবং বিশেষ করে উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে তাকে এ নিয়োগ দেওয়া হচ্ছে।

জানা যায়, এ কে এম ওয়াহিদুজ্জামান একজন প্রখ্যাত শিক্ষা, ব্যাংকিং, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ও জলবায়ু বিশেষজ্ঞ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক এবং ১৯৯২ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনের শুরুতে তিনি একটি ব্যাংকে সহকারী প্রোগ্রামার হিসেবে কাজ করেন। পরে শিক্ষকতা পেশায় যোগ দিয়ে আজিজুল হক কলেজ ও ঢাকা কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০২ থেকে ২০২০ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

বর্তমানে তিনি জুনিভান হোল্ডিং ইনস ডট-এ ডিজিটাল মার্কেটিং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যাংকিং ও রিমোট সেন্সিং বিষয়ে বিশেষ দক্ষতার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক বহু আন্তর্জাতিক প্রকল্পে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভূগোল বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধও লিখেছেন তিনি।

ডিও লেটারে আশা প্রকাশ করা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদ, বিভিন্ন অঙ্গসংস্থা ও কমিটির বৈঠকে অংশগ্রহণ এবং বহুপাক্ষিক কূটনৈতিক আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে তার অভিজ্ঞতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওয়াহিদুজ্জামানের নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে চিঠিতে।

সাবেক শিক্ষাবিদ ওয়াহিদুজ্জামান,জাবি,কূটনৈতিক পদ,জাতিসংঘ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত