
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ চট্টগ্রাম ওয়াসার পানি সংযোগ লাইন প্রদানের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
সোমবার (০৩ আগস্ট) এ উপলক্ষে চুয়েটে পানি সংযোগ প্রদানের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এবং চট্টগ্রাম ওয়াসার প্রতিনিধিবৃন্দ।
এর আগে উপাচার্যের কার্যালয়ে চুয়েট কর্তৃপক্ষ ও ওয়াসা কর্তৃপক্ষের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, চুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন আসিফ, প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী (পুর) মুহাম্মদ ফেরদৌসুল কবির, চট্টগ্রাম ওয়াসার মোহরা পানি শোধনাগারের নির্বাহী প্রকৌশলী সজীব বড়ুয়া এবং কর্ণফুলী পানি শোধনাগার-১-এর নির্বাহী প্রকৌশলী মো. ওমর ফারুক।
প্রসঙ্গত, চুয়েটের নিকটবর্তী রাঙ্গুনিয়া উপজেলার পোমরাস্থ চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগার থেকে এই সংযোগ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উক্ত পানি সংযোগ চালু হলে বিশ্ববিদ্যালয়ের পানি সংকটের টেকসই একটি সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।
চুয়েটে উক্ত পানির সংযোগ প্রদানের বিষয়ে শিক্ষার্থীসহ চুয়েট পরিবারের দীর্ঘদিনের দাবি ও প্রচেষ্টা রয়েছে। এ বিষয়ে চুয়েট ও চট্টগ্রাম ওয়াসার সর্বাত্মক প্রচেষ্টা ও আন্তরিকতা রয়েছে।