ঢাকা সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

জাবির প্রত্যাহার হওয়া গবেষণাপত্র তদন্তে ৫ সদস্যের কমিটি

জাবির প্রত্যাহার হওয়া গবেষণাপত্র তদন্তে ৫ সদস্যের কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কয়েকজন গবেষকের আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত প্রবন্ধে অনিয়মের অভিযোগে প্রত্যাহার (রিট্র্যাকশন) হওয়ার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও সত্যাসত্য নির্ধারণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুব কবিরকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. সালেকুল ইসলাম এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশীদ।

কমিটির সদস্য-সচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদকে।

অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষকের বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত প্রবন্ধে অনিয়ম পরিলক্ষিত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে এসব প্রবন্ধ প্রত্যাহার হওয়ার বিষয়ে প্রকৃত তথ্য উদ্‌ঘাটন করে সত্যাসত্য নির্ধারণের উদ্দেশ্যে তদন্ত করা হবে। তদন্ত শেষে সুপারিশসহ প্রতিবেদন দিতে কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে, আন্তর্জাতিক বিভিন্ন জার্নাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীর প্রায় ৩২টি গবেষণাপত্র প্রত্যাহারের তথ্য নিয়ে বিশ্ববিদ্যালয় অঙ্গনে আলোচনা ও প্রশ্ন ওঠে।

এসব প্রত্যাহারের পেছনে গবেষণার অনিয়ম, তথ্যের অসঙ্গতি কিংবা অন্যান্য কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এবার আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিটি গঠন করল প্রশাসন।

৫ সদস্যের কমিটি,গবেষণাপত্র তদন্ত,জাবির প্রত্যাহার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত