
নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও আধুনিক করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চালু হতে যাচ্ছে ‘বাংলা কিউআর’ সেবা। অগ্রণী ব্যাংক পিএলসি জাবি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, বিভিন্ন দোকান, হোটেল ও সেবাকেন্দ্রে এ সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ৯টায় অগ্রণী ব্যাংক পিএলসির জাবি শাখার উদ্যোগে ‘এক দেশ, এক কিউআর লেনদেনে বাংলা কিউআর’ ব্যানারে এবং ‘বাংলা কিউআর এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’ স্লোগানে আয়োজিত রোড-শো শেষে এ তথ্য জানান সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. আব্দুর রহমান।
তিনি বলেন, বাংলা কিউআর হচ্ছে একটি সর্বজনীন পেমেন্ট ব্যবস্থা, যার মাধ্যমে গ্রাহকরা যে কোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারেন।
ক্যাম্পাসে ক্যাশলেস লেনদেনের সুযোগ সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও ডিজিটাল করতেই ‘বাংলা কিউআর’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সেবার মাধ্যমে গ্রাহকেরা নির্দিষ্ট মার্চেন্টের কিউআর কোড স্ক্যান করে মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই ক্যাশলেস লেনদেন করতে পারবেন। এতে নগদ টাকা বহনের ঝামেলা ও খুচরা টাকার সংকট কমার পাশাপাশি লেনদেনে সময় সাশ্রয়, স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়বে, যা ক্যাম্পাসের দৈনন্দিন আর্থিক কার্যক্রমকে আরও সহজ ও আধুনিক করে তুলবে।
উল্লেখ্য, বাংলা কিউআর (Bangla QR) হলো বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু করা একটি আন্তঃব্যাংক ও আন্তঃপেমেন্ট প্ল্যাটফর্ম, যার মাধ্যমে একটি একক কিউআর কোড স্ক্যান করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার অ্যাপ ব্যবহার করে ডিজিটালভাবে পণ্য ও সেবার মূল্য পরিশোধ করা যায়।