ঢাকা শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ভাষা শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে ইউজিসি

বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ভাষা শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে ইউজিসি

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ের পাশাপাশি দেশীয় মানদণ্ডে বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং বিবেচনা করে বাজেট বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

শনিবার (২৯ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘আন্তর্জাতিক ও দেশীয় র‍্যাংকিং বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট বরাদ্দ করা হবে। আন্তর্জাতিক র‍্যাংকিংয়ের পাশাপাশি আমরা চেষ্টা করছি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি দেশীয় মানদণ্ডের র‍্যাংকিং ব্যবস্থা তৈরি করতে। এতে অগ্রাধিকারভিত্তিতে কোন বিশ্ববিদ্যালয়কে কতটা গুরুত্ব দেওয়া যায়, সেই সুযোগ তৈরি হবে।’

তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা কাজ করছি। দ্রুতই আপনারা এর ফল দেখতে পারবেন।’

দেশীয় র‍্যাংকিং চালুর গুরুত্ব তুলে ধরে অধ্যাপক মামুন আহমেদ বলেন, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা ও মান বিবেচনা করে অগ্রাধিকার নির্ধারণ করা সম্ভব হবে। এতে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে বলেও তিনি জানান।

এ সময় দ্বিতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘দ্বিতীয় ভাষা আমাদের অগ্রাধিকারের অংশ। আমরা ইতোমধ্যে ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ভাষাকে প্রাধান্য দিয়ে ভাষা শিক্ষা কেন্দ্র তৈরি করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ভাষা ইনস্টিটিউট রয়েছে। এটিকে আরও সমৃদ্ধ করা হবে, যাতে এখানে শিক্ষার্থীদের ভাষা শেখার আরও ভালো ব্যবস্থা করা যায়।’

তিনি আরও বলেন, ‘ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, প্রক্টরবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ইউজিসি,শিক্ষাকে অগ্রাধিকার,দ্বিতীয় ভাষা শিক্ষা,বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত